আশুলিয়ায় একই ঘরে তিনটি লাশ রহস্যময় খুন নাকি আত্মহত্যা
আশুলিয়ায় একই ঘর থেকে তিনটি লাশ উদ্ধার, রহস্যময় খুন নাকি আত্মহত্যা। মো আবীর হাসান আশুলিয়া ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে প্রায় ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কক্ষটি দীর্ঘদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন ভাড়া থাকতেন বলে স্থানীয়রা জানান। শুক্রবার ওই কক্ষ থেকে হঠাৎ পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা খুলে ভেতর থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।তবে নিহতদের পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।