সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন
সাভার প্রতিনিধি:
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের প্রতিবাদে ঢাকার সাভারের আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শ্রমজীবী মানুষের প্রতিবাদী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জীবন ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের গুরুতর ঘটনার ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা যাচাই করা প্রয়োজন।
বক্তারা এ ঘটনায় বাংলাদেশ সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তথ্য অনুসন্ধান, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই এবং প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে শ্রমিক নেতারা প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মতামত