সাভারের আশুলিয়ায় যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও ১ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আব্দুল মালেক। সভায় সভাপতিত্ব করেন মো. কফিল উদ্দিন মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাকিম উদ্দিন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাজী ওসমান গনি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেংগুরী এলাকার মো. হারুন অর রশিদ। সভাটি পরিচালনা করেন মাহফুজ আহমেদ রুবেল।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে যুবসমাজের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
বক্তারা মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক আলোচনা সভা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।
মতামত